টাঙ্গাইলের আবদুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বাতিলের বিষয়ে তার ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য শুনবে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ২৩ আগস্ট বেলা ১১টায় ইসি সচিবালয়ের সভাকক্ষে তাদের দু’জনকে নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ইসি সচিব সিরাজুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, ২৩ আগস্ট লতিফ সিদ্দিকীর শুনানি করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। একইসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের শুনানিও অনুষ্ঠিত হবে। রোববার তাদের চিঠি দিয়ে শুনানিতে অংশ নেওয়ার জন্য বলা হবে।

এর আগে, নিজ নিজ অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরতে বললে ইসিকে চিঠি দিয়ে নিজেদের অবস্থা তুলে ধরেন লতিফ সিদ্দিকী ও সৈয়দ আশরাফ।

লতিফ সিদ্দিকী তার চিঠিতে দাবি করেন, সরকারি সফরে হজ নিয়ে যে বক্তব্য তিনি দিয়েছেন, তা দলীয় নেতা হিসেবে নয় বিধায় তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আওয়ামী লীগের ভুল ছিল। পরবর্তী সময়ে এ সিদ্ধান্তের ভিত্তিতে নেওয়া অন্য সিদ্ধান্তগুলোও ভুল।

অন্যদিকে সৈয়দ আশরাফও একই দিনে দেওয়া চিঠিতে যুক্তি দেখিয়েছেন, যেহেতু লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের কেউ নন, তাই তার সংসদ সদস্য পদে থাকারও কোনো আইনগত কোনো অধিকার নেই।

এজন্য লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বাতিলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদকে অনুরোধও করেছেন তিনি।

কেএইচ