রাজধানীর রামপুরায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম মিন্টু (২২)।
শুক্রবার বিকেলে রামপুরা টিভি রোড কুঞ্জবন পানির পাম্পের পেছনে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে তার বুকের মধ্যখানে গুলি লাগে। পরে তার ভাই ইসমাইল হোসেন গুলিবিদ্ধ মিন্টুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। সেখানে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, মিন্টুর নাম মো. রুবেল ওরফে মিন্টু। তাদের গ্রামের বাড়ি বরগুনা জেলায়। বর্তমান ঠিকানা ১৫/২০ ওমর আলী লেন, ওয়াবদা রোড, রামপুরা।
নিহত মিন্টুর মা নাসিমা বেগম জানান, তার ছেলে মিন্টু আগে পোশাক কারখানায় চাকরি করতেন। এখন অসুস্থতার জন্য কিছু করতেন না। রামপুরা এলাকায় শাহ-আলম নামে তার এক বন্ধু ছিল। সে বখাটে হওয়ায় তার সঙ্গে মিশতে দেওয়া হতো না। তবে শুক্রবার জুমার নামাজের পর ওই শাহ-আলম তার ছেলেকে ফোন দিয়ে বাসা থেকে ডেকে নিয়ে যায়।
শাহ-আলমই তার ছেলেকে হত্যা করেছে বলেও দাবি করেন নাসিমা বেগম।
এ বিষয়ে তারা থানায় মামলা করবেন বলেও জানিয়েছেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএইচ





