ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে নতুন করে যুক্ত হওয়া ১৬ টি ইউনিয়নে ৩৬ টি ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে।

আজ রোববার এই ওয়ার্ড গঠন করে গেজেট জারি করা হয়। স্থানীয় সরকার বিভাগ থেকে এর আগে আদেশ জারি করা হয়। এ নিয়ে দুই সিটি কর্পোরেশনে মোট ওয়ার্ড হলো ১২৯টি।

‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯’ কাউন্সিলর নির্বাচনের উদ্দেশে সীমানা নির্ধারণ কর্মকর্তার সুপারিশ অনুযায়ী কর্পোরেশনের ইউনিয়নগুলোকে ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাড্ডা, ভাটারা, সাঁতারকুল, বেরাঈদ, ডুমনি, উত্তরখান, দক্ষিণখান ও হরিরামপুর ইউনিয়নকে ৩৭ থেকে ৫৪ নম্বর ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে।

অন্যদিকে ঢাকা দক্ষিণে শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল, সারুলিয়া, ডেমরা, মান্ডা, দক্ষিণগাঁও ও নাসিরাবাদ ইউনিয়নকে ৫৮ থেকে ৭৫ নম্বর ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে।

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) গত ৯ মে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে নতুন করে মোট ১৬ টি ইউনিয়ন যুক্ত করার প্রস্তাব অনুমোদন করে, যার মধ্য দিয়ে ঢাকার দুই সিটির আয়তন বেড়ে দ্বিগুণের বেশি হয়।

গত ২৮ জুন ঢাকা সিটির আয়তন বাড়িয়ে গেজেট প্রকাশ করে সরকার।

এমবি