ভারত থেকে বানের পানিতে ভেসে আসা বঙ্গ বাহাদুর নামের বন্যহাতির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের জন্য তিন সদস্যের একটি দল সরিষাবাড়ীর উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বন্যপ্রাণী অপরাধ দমন বিভাগের পরিদর্শক অসীম মল্লিক।

তিনি জানান, প্রাণিসম্পদ অধিদপ্তর, কক্সবাজার বন বিভাগ ও গাজীপুর সাফারী পার্কের তিনজন চিকিৎসক ময়নাতদন্ত দলে রয়েছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার কয়রা গ্রামের বাদাবিলে হাতিটি মারা যায়। ভারতের আসাম রাজ্যের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের দলছুট এ বন্যহাতিটি বন্যার পানির স্রোতে গত ২৮ জুন কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে।

দেড় মাস ধরে এটি কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, বগুড়া ও জামালপুরের চরাঞ্চলে ঘুরে বেড়ায়। হাতি উদ্ধারে ৪ আগস্ট ভারতীয় বিশেষজ্ঞ একটি দল বাংলাদেশে এলেও হাতি উদ্ধার করতে না পেরে তারা ৭ আগস্ট ফিরে যান। পরে গত বৃহস্পতিবার বাংলাদেশ বন বিভাগের উদ্ধারকারী দল দূরনিয়ন্ত্রিত চেতনানাশক ছুড়ে হাতিকে উদ্ধার করে। উদ্ধার হলেও এটিকে স্থানান্তর করা যায়নি সাফারি পার্ক বা কোনো নিরাপদ স্থানে। পরে মঙ্গলবার হাতি উদ্ধারকারী দলের দেওয়া তথ্য মতে সকাল পৌনে ৭টার দিকে মারা যায় হাতিটি।

এমবিএইচ