দেশের সুষম উন্নয়নের লক্ষে জাতীয় বাজেট প্রণয়ন প্রক্রিয়ার সাথে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকেও সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছে বেসরকারি সংগঠন গভার্নেন্স অ্যাডভোকেসি ফোরাম।
বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘আর্থিক বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকার বাজেট’শীর্ষক এক মত বিনিময় সভায় অতিথিরা এ আহ্বান জানান।
আসন্ন জাতীয় বাজেট উপলক্ষে স্থানীয় সরকারের জন্যও যাতে পৃথক ও সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ দেওয়া হয় সে জন্য সরকার সংশ্লিষ্ট পক্ষসমূহের দৃষ্টি আকর্ষণ করে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
গভার্নেন্স অ্যাডভোকেসি ফোরামের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ফজলে হোসেন বাদসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ প্রমুখ।
গভার্নেন্স অ্যাডভোকেসি ফোরামের সমন্বয়কারী মহসিন আলীর সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, অর্থনীতিবিদ ড. আমিরুল ইসলাম চৌধুরী।
এছাড়া মুক্ত আলোচনায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা স্থানীয় সরকার প্রতিনিধী উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান, মেম্বররা তাদের অভিজ্ঞতার আলোকে স্থানীয় সরকার বাজেটের প্রয়োজনীয়তা তুলে ধনের।
মূল প্রবন্ধে ড. আমিরুল ইসলাম চৌধুরী বলেন, দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন থেকেই আর্থীক সক্ষমতা ও সুশানের ক্ষেত্রে সংকটের মধ্যে রয়েছে। এ জন্য একটি স্থিতিশীল স্থানীয় সরকার ব্যাবস্থা প্রতিষ্ঠা করতে হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে জাতীয় বাজেট প্রণয়ন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করতে হবে।
তিনি বলেন, ইতোমধ্যে জাতীয় সরকার কর্তৃক চাহিদা নিরুপণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের জন্য স্থানীয় সরকারগুলোকে দায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু জাতীয় বাজেট প্রণয়নের ক্ষেত্রে তাদের কোনো ভুমিকা নেই। তাছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারাই মূলত রাজস্ব ও উন্নয়ন বাজেট প্রণয়নে দায়িত্ব পালন করে থাকে। ফলে বাজেটে জনগণের আকাঙ্খার প্রতিফলন হয় না।
এই বৈশম্যমূলক অবস্থার অবসান করতে হলে প্রথম কাজ হলো আর্থিক বিকেন্দ্রীকরণ করা আর এ জন্য প্রধানতম পদক্ষেপ হলো রাজনৈতিক বিকেন্দ্রীকরণ করা যার উল্লেখ আমাদের সংবিধানে রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে একদিকে জাতীয় সরকারের যেমন ক্ষমতা ও কর্তৃত্ব হস্তান্তর করার ক্ষেত্রে অনীহা রয়েছে; অন্যদিকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোও তাদের নিজস্ব সম্পদ আহরণের ক্ষেত্রে এখনো যথেষ্ঠ সক্ষমতা অর্জন করতে পারেনি।
এ সময় তিনি আর্থিক বিকেন্দ্রীকরণের লক্ষে নীতি-নির্ধারকদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণের মনোভাব পরিহার করা, স্থানীয় সরকারগুলোকে জবাবদিহিতার আওতায় আনাসহ কিছু প্রস্তাবনা তুলে ধরেন।
এমএ/এমকে





