শিশু শেখ সামিউল আলম রাজনকে (১৩) নিমর্মভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে ও খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় শহরের শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ময়মনসিংহবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ গ্রহন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, এমন নির্মম পৈচাশিকতা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। বিভিন্ন সময় সংঘটিত নির্মম এবং জঘন্যতম এমন অনেক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া কিংবা অপরাধীরা পাড় পেয়ে যাওয়ার কারণেই সমাজে এ ধরণের কর্মকান্ড বৃদ্ধি পাচ্ছে বলে বক্তারা উলে­খ করেন।

তারা বলেন, খুনীদের শুধু ফাঁসি দিলেন হবে না এদের জনসম্মুখে এনে পিটিয়ে মারতে হবে যেন এমন কর্মকান্ড করার আর কেউ সাহস না পায়। বক্তারা আরও বলেন, অত্যন্ত লজ্জার বিষয় হচ্ছে লোকগুলো এভাবে শিশুটিকে নির্দয় ও নিষ্ঠুরভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করলো অথচ কেউ প্রতিবাদ করলো না।

এটি কোন সভ্য সমাজে হতে পারে না। সকলের সাহসী হতে হবে, সচেতন হতে হবে। রাজন হত্যার সকল খুনীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সজল, ইয়াজদানী কোরাইশী কাজল, প্রবীর সাহা, শংকর সাহা, কাজী আজাদ জাহান শামীম প্রমুখ।

এসএইচ