যশোরের স্থলবন্দর বেনাপোল পুটখালি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১৭ নারী-শিশুসহ ৩০ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃতদের মধ্যে তিন শিশু, ১৪ নারী ও ১৩ পুরুষ রয়েছে। তারা কুষ্টিয়া, চট্টগ্রাম, বরিশাল, সাতক্ষীরা, যশোর, ফরিদপুর, নড়াইল, গোপালগঞ্জ, খুলনা ও ঢাকা জেলার বাসিন্দা।
খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহিম জানান, পুটখালি ক্যাম্প কমান্ডার সুবেদার ফরিদ উদ্দিন একদল বিজিবি সদস্য নিয়ে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়। এসময় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে চরের মাঠ ও বালুর মাঠ এলাকা থেকে তিন শিশু, ১৪ নারী ও ১৩ পুরুষকে আটক করা হয়। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার উপপুলিশ পরিদর্শক মফিজুর রহমান জানান, সীমান্ত এলাকা থেকে ২৭নারী পুরুষসহ তিন শিশুকে পোর্ট থানায় সোপর্দ করেছে বিজিবি সদস্যরা। এদের মধ্যে অনেকেই চিকিৎসা ও কাজের সন্ধানে ভারতে যায়। দেশে ফেরাকালে আটক হয়। আটককৃতদের যশোর কোর্ট হাজতে পাঠানো হবে বলে জানান তিনি।
আটকৃতদের মধ্যে সঞ্জয় বিদ্যুৎ ও নিজাম জানান, তারা ভারতে কাজ করতেন। দেশে ফেরাকালে বিজিবি আটক করে তাদের।
কেএইচ





