ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে আটক করেছে পুলিশ।
পৃথক স্থানে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ১টার দিকে নাটোরের সিংড়া উপজেলা থেকে তাদের আটক করা হয়। এসময় একটি ট্রাক, দেশীয় অস্ত্রসহ ডাকাতি কাজে ব্যবহৃত রশিসহ বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন- সিংড়া উপজেলার হাতিগাতি এলাকার আফাজ শাহর ছেলে আব্দুস সামাদ (৪৮), একই উপজেলার শালমারা গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে জিল্লুর রহমান (২৮), ছতর গ্রামের আছান মোল্লার ছেলে আযম উদ্দিন (৩৫), পাবনার রামচন্দ্রপুর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৩২), ফরিদপুর জেলার মঙ্গল গ্রামের আমিন উদ্দিনের ছেলে শাহ আলম (৪৮) এবং বগুড়ার শাহাজানপুর উপজেলার কাশিনাথপুর গ্রামের ফরজ আলীর ছেলে আব্দুস সালাম (৫০)।
সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, রাত ১টার দিকে একদল ডাকাত সিংড়া পৌরসভার পাশের মাঠে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই মাঠে অভিযান চালায় পুলিশ। এসময় সেখান থেকে ৩ ডাকাতকে আটক করা হয়।
পরে আটককৃত ডাকাতদের স্বীকারোক্তি অনুযায়ী পৌরসভার নিঙ্গুইন পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালিয়ে আরো ৩ জনকে আটক করা হয়। এ সময় একটি ট্রাক (ঢাকা মেট্রো-গ ১১-২৯০৫), একটি দেশীয় অস্ত্র এবং ডাকাতির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। আটকৃতদের বিরুদ্ধে সিংড়া থানায় ডাকাতি প্রস্তুতির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।
জেআই





