সোমবার থেকে সিলেটে হজরত শাহজালালের (রহ) মাজারে দুদিনব্যাপী ওরস শুরু হয়েছে। মঙ্গলবার ভোরে আখেরি মোনাজাত ও শিরনী বিতরণের মাধ্যমে ওরস শেষ হবে।
মাজার কমিটির পক্ষ থেকে ওরসের সময় নিরাপত্তা নিশ্চিত করতে ১৬টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া পুলিশের পক্ষ থেকেও আরও ৫ থেকে ৬টি সিসি ক্যামেরা বসানো হবে।
শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্নের জন্য মাজার কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
সকাল থেকে গিলাপ হাতে ভক্ত আশেকানদের ঢল নেমেছে মাজারে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্তদের পদচারণায় সরব হয়ে ওঠেছে পুরো নগরী।
ওরস উপলক্ষে গত শনিবার থেকে দেশের বিভিন্ন স্থান থেকে হযরত শাহজালাল (রহ.) এর ভক্ত আশেকানরা সিলেটে আসা শুরু করেন। জেলার সকল আবাসিক হোটেলের কক্ষ ইতোমধ্যে বুকিং হয়ে গেছে। হোটেলে জায়গা না পেয়ে অনেকেই মাজার প্রাঙ্গণে রাত কাটিয়েছেন। নগরের আলিয়া মাদ্রাসায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হলেও আম্বরখানা, শাহী ঈদগাহসহ শহরের বেশ কিছু জায়গায় অতিরিক্ত গাড়ি পার্কিং করতে দেখা গেছে।
আগত ভক্ত আশেকানদের নিরাপত্তায় মহানগর পুলিশের ৭'শ সদস্য দুইভাগে ভাগ হয়ে দায়িত্ব পালন করছেন। এছাড়া মাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে ২ হাজার ৫'শ নিরাপত্তাকর্মী নিয়োগ দেয়া হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-সহকারি কমিশনার (মিডিয়া) রহমত উলস্নাহ বাসসকে জানান, ওরস উপলক্ষে মাজারে সর্বোচ্চ নিরাপত্তা বষ্টেনি গড়ে তোলা হয়েছে। পুরো মাজার, আশপাশ এলাকা ও নগরের প্রধান প্রধান মোড়গুলো সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে । মাজারের পাশে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনা বিশেষভাবে ঢেলে সাজানো হয়েছে।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





