চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে আনোয়ারা উপজেলার দোভাষী বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড পূর্ব জোনের সিজিএস তৌহিদ ও সিজি স্টেশন সাঙ্গু যৌথ অভিযানে এ বিশাল ইয়াবার চালান জব্দ করা হয়েছে বলে জানায় কোস্টগার্ড পূর্ব জোন।
কোস্টগার্ডের কর্মকর্তা এ এইচ এম শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর আনুমানিক ৫টার দিকে সিজিএস তৌহিদের কমান্ডিং অফিসার লে. কমান্ডার এম ফরহাদ সরকারের নেতৃত্বে আনোয়ারা উপজেলার দোভাষী বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো জব্দ করা হয়।
অভিযানকালে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা। ফলে এর সাথে জড়িত কাউকে আটক করা যায়নি বলে জানান এ এইচ এম শামীম।
উদ্ধার করা ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা। ইয়াবাগুলো আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানায়।
এমআর





