দীর্ঘদিন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ থাকারপর আবারো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার দুপুরে ফেসবুক কর্তৃপক্ষের দুই প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসিদ্ধান্ত জানান।

এর আগে সকাল ১০টায় ফেসবুক কর্তৃপক্ষের এশিয়া প্যাসিফিক অঞ্চলের দুজন কর্মকর্তার সঙ্গে এ বৈঠক শুরু হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফেসবুকের দুই কর্মকর্তা হলেন দক্ষিণ এশিয়ার পলিসি ম্যানেজার দীপালি লিবার হেন এবং রাজনৈতিক ও আইন উপদেষ্টা বিক্রম লাং।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। তারা এ বিষয়ে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছে। শিগগিরই ফেসবুক খুলে দেওয়া হবে।’

বৈঠক সূত্রে জানা গেছে, নারী ও শিশুর প্রতি অবমাননাকর পোস্ট সরানোসহ নানা বিষয় নিয়ে ফেসবুক কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। এ ছাড়া বৈঠকে সাইবার অপরাধ রোধ এবং আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণসহ করণীয় নির্ধারণ বিষয়ে আলোচনা হয়েছে।

এর আগে মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় আপিল বিভাগে বহালের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় দেশে ফেসবুক সাময়িকভাবে বন্ধ করে দেয় সরকার।

এআই