শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকদের দাবি সরকার ‘আমলে’ নিয়েছে। এ জন্য বেতন বৈষম্য নিরসন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করা হয়েছে।
শিগগিরই এ কমিটির সভা হবে। সেখানে শিক্ষকদের এ দাবির বিষয়টি যাতে কার্যকরভাবে উপস্থাপন করা যায়, সে জন্যই আজকের আলোচনা হচ্ছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে এ বৈঠক হয়। পৃথক বেতন কাঠামো ও অষ্টম জাতীয় বেতন স্কেলে গ্রেড সমস্যা নিয়ে আন্দোলনরত সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ ও মহাসচিব এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল এতে যোগ দেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, যেহেতু সরকার শিক্ষকদের এই দাবি আমলে নিয়ে কমিটি করেছে, সে জন্য তাঁদের প্রতি আহ্বান, তাঁরা যেন শিক্ষার্থীদের শিক্ষাজীবনের কোনো ক্ষতি না করেন।
এ সময় শিক্ষকেরা মন্ত্রীর কাছে একটি লিখিত বক্তব্য তুলে ধরেন। এতে তাঁরা শিক্ষকদের জন্য অবিলম্বে একটি আলাদা বেতন কমিশন গঠনের দাবি জানান।
এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অষ্টম বেতন কাঠামো পুনর্নির্ধারণ করে জ্যেষ্ঠ অধ্যাপকদের বেতন-ভাতা গ্রেড-১, অধ্যাপকদের গ্রেড-২, সহযোগী অধ্যাপকদের গ্রেড-৩, , সহকারী অধ্যাপকদের গ্রেড-৫ এবং প্রভাষকদের গ্রেড-৭ নির্ধারণের দাবি জানান তাঁরা।
এসএইচ





