উদ্ধারকারী জাহাজ জরিপ-১০ অনুসন্ধান চালিয়ে পদ্মা নদীর তলদেশে সন্দেহজনক কিছু ছবি পেয়েছে।আর এ ছবিগুলোগত ৪ আগস্ট ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬-এর কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যাচাই বাছাই শেষে লঞ্চ পিনাক-৬-এর অনুসন্ধানে ডুবুরি নামানো হবে।

শনিবার দুপুরে মাওয়া ঘাটের এক কিলোমিটারের মধ্যে সন্দেহজনক বস্তুর ছবি জরিপ-১০-এর সোনারস্ক্যানে দেখা যায়।

উদ্ধারকাজের সমন্বয়ক ক্যাপ্টেন নজরুল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ হাইড্রোগ্রাফার কমান্ডার মঞ্জুর সাংবাদিকদের বলেন, পদ্মার তলদেশে কিছু ছবি পেয়েছে জরিপ-১০। এগুলো পিনাক-৬ এর বলে ধারণা করা হচ্ছে।

পিনাক-৬ এর সন্ধানে শুক্রবার যোগ দেয় চট্টগ্রাম বন্দরের সার্ভে ভেসেল জরিপ-১০। তল্লাশি অভিযানে জরিপ-১০ এর সঙ্গে আছে টাগ বোট কাণ্ডারি-২, অনুসন্ধান জাহাজ সন্ধানী, তিস্তা ও নৌবাহিনীর এলসিটি-০১২।

আকারে ছোট হলেও জরিপ-১০ এর কার্যক্ষমতা বেশি। চলার পথে দুই পাশে প্রায় ৩শ’ মিটার পর্যন্ত স্ক্যান করতে পারে। পাশাপাশি পানির নিচে পলিমাটি ও কাদামাটিতে ৭০ মিটার এবং বালি মাটিতে ১৮ মিটার গভীর পর্যন্ত পর্যবেক্ষণ চালানোর ক্ষমতা রয়েছে জরিপের।

ঢাকা, একে, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম.এসআর