আমদানি করা এসিডের ড্রাম বিস্ফোরিত হয়ে বেনাপোল বন্দর ট্রাক টার্মিনালে আজ রোববার ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে বেনাপোল, ঝিকরগাছা ও যশোর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। দীর্ঘ সাড়ে ৩ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার র্সাভিস।

বেনাপোল বন্দর ডাইরেক্টর আমিনুল ইসলাম জানান, ভারত থেকে আসা বিভিন্ন আমদানিকৃত পণ্য বোঝাই ট্রাক বন্দর টার্মিনালের এক পাশে রাখা ছিল আর এক পাশে রাখা ছিল এসিড জাতীয় পদার্থবাহী ড্রাম। রাত সাড়ে তিনটার দিকে হঠাৎ করে এসিডের ড্রাম বিস্ফোরিত হয়ে পাশের একটি পণ্য বোঝাই ট্রাকে পড়লে আগুনের সূত্রপাত ঘটে।

শুক্র ও শনিবার ছুটি থাকায় বন্দরের অভ্যন্তরে ভারতীয় পণ্যবোঝাই ট্রাক রেখে চালকরা চলে যায় তাদের নিজ বাড়িতে। একটি ট্রাক থেকে ১০/১২টি ট্রাকে আগুন লেগে তুলা, সুতা, মটর পার্টস ও কেমিকেল পণ্য পুড়ে ছাই হয়ে যায়। আগুনে বেশ কিছু মোটর সাইকেল পুড়ে যায়।

আগুনের খবর পেয়ে বন্দর পরিচালক আমিনুল ইসলাম, ও উপপরিচালক রেজাউল করিম ও বেনাপোল কাষ্টম হাউজের উর্দ্ধতন কর্মকর্তারাসহ, শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক আমিনুল ইসলাম আরো জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ কোটি টাকা হতে পারে ।


নাসির/জেড