জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার আমীর ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুর রশীদসহ ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে কোন মামলা ছাড়াই তাদেরকে আটক করে থানায় আনা হয়। বিকালে এ রিপোর্ট লেখার সময় জেলা আমীর কোতয়ালী থানা হেফাজতে ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ১১টায় কোতয়ালী থানার দু'জন সাদা পোশাকধারী পুলিশ জেলা আমীর অধ্যাপক আব্দুর রশীদের উপশহরস্থ বাড়িতে যান এবং পুলিশ পরিচয়ে তাকে ডাকাডাকি করতে থাকেন।
জেলা আমীর তাদের পরিচয় সন্দিহান হলে পুলিশের একজন কর্মকর্তা ফোনে পরিচয় নিশ্চিত করেন। এসময় জেলা আমীর দরজা খুলে বাইরে আসলে তাকে কোন ওয়ারেন্ট এবং মামলা ছাড়াই থানায় নিয়ে আসা হয়।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায় তাকে বিস্ফোরক দ্রব্য আইনের একটি সাজানো মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে।
এদিকে ঝিকরগাছা থেকে ৪জন, চৌগাছা থেকে ৩ জন, শার্শা থেকে একজন এবং বাঘারপাড়া থেকে একজনকে কোন মামলা ছাড়াই পুলিশ আটক করেছে। তাদেরকে বিভিন্ন পেন্ডিং ও সাজানো মামলায় আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর





