ঢাকা থেকে বেনাপোলে ফেরার পথে আরিচা ফেরিঘাট থেকে অপহৃত যশোরের বেনাপোল পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মহাতাব উদ্দিন নয় দিন পর বৃহস্পতিবার বাড়ি ফিরেছেন।

অপহৃত মহাতাব উদ্দিন জানান, অপহরণের আট দিন পর বুধবার রাত সাড়ে ১২টার দিকে অপহরণকারীরা ঢাকার নবীনগরের একটি ইটভাটার কাছে তাকে চোখ বাঁধা অবস্থায় ফেলে যায়। সেখান থেকে রাতেই সৌদিয়া পরিবহনের একটি বাসে করে যশোর পৌঁছে বাড়িতে খবর দিলে স্বজনরা তাকে বাড়িতে নিয়ে যায়। তবে তাকে কেন অপহরণ করা হয়েছিল ও অপহরণের কারণ তিনি জানেন না বলে জানান।

তিনি আরও জানান, ২৩ জুন রাত সোয়া ৯টার দিকে ঢাকা থেকে সোহাগ পরিবহনের একটি বাসে করে বেনাপোলের উদ্দেশে রওনা দেন তিনি। ভোরে বাসটি আরিচা ফেরিঘাটে পৌঁছলে সেখানে টয়লেটে যাওয়ার সময় সাদা পোশাকধারী কয়েকজন বিশেষ বাহিনীর পরিচয় দিয়ে অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায়। তারা চোখ ও হাত-মুখ বেঁধে একটি বদ্ধঘরে আটকে রাখে বলে জানান মহাতাব। তবে কোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতন করেনি বলে জানান তিনি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, মহাতাব উদ্দিন বৃহস্পতিবার দুপুরে বাড়ি ফিরেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মহাতাব উদ্দিন নিখোঁজ হওয়ার পরদিন তার মেয়ে সাদিয়া আফরিন রিমা সংবাদ সম্মেলনের মাধ্যমে তার বাবাকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছিলেন। এ ঘটনায় তার বড় ছেলে শাহজালাল সোহাগ ২৪ জুন রাতে মানিকগঞ্জের শিবালয় থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।

জেআই