শেষ হলো সুলতান মেলা। বুধবার সন্ধ্যায় সুলতান পদক প্রদানের মধ্য দিয়ে সাত দিনব্যাপী সুলতান মেলা শেষ হয়েছে।
এ বছর সুলতান পদক পেয়েছেন বরেণ্য চিত্রশিল্পী কালিদাস কর্মকার। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী এ পদক প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল গাফফার খান, জেলা পরিষদের প্রশাসক সুবাস চন্দ্র বোস, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি সোহরাব হোসেন বিশ্বাস প্রমুখ।
অনুভূতি ব্যক্ত করতে গিয়ে পদকপ্রাপ্ত শিল্পী কালিদাস কর্মকার বলেন, ‘এর (সুলতান পদক) চেয়ে বড় সম্মান আমার জীবনে আমি পাইনি। এ পদক শুধু আমাকেই সম্মানিত করবে না, দেশের তরুণ প্রজন্মের শিল্পীদেরও অনুপ্রাণিত করবে। পাশাপাশি চারুশিল্পে অবদান রাখবে।’
প্রসঙ্গত, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯০তম জন্মজয়ন্তী উপলক্ষে গত ২২ জানুয়ারি নড়াইলের ‘সুলতান মঞ্চ’ চত্বরে সপ্তাহব্যাপী সুলতান মেলার উদ্বোধন করা হয়। মেলায় চিত্রপ্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ঘোড়ার গাড়ির দৌড়, কুস্তি প্রতিযোগিতা, লাঠিখেলা, রশি-টানাটানি, হ্যান্ডবল, কাবাডি, ভলিবল প্রতিযোগিতাসহ বিভিন্ন গ্রামীণ খেলার আয়োজন করা হয়।
এ ছাড়া নৃত্য, গান, আবৃত্তি, নাটকসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।
জেআই





