মাগুরায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে শহরের ভায়নার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা রুবেল হোসেন নামের চালকের সহকারী সামান্য আহত হন।
রুবেল জানান, রাত পৌনে ৩টার দিকে তিনি দরজা লক করে বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। কিছুক্ষণ পর আগুনের আঁচে তার ঘুম ভেঙে যায়। এ সময় দ্রুত জানালার কাচ ভেঙে বেরিয়ে আসার সময় তিনি সামান্য আহত হন। তিনি আশঙ্কা করেন জানালার কাচ ফাঁকা করে দুর্বৃত্তরা বাসের ভেতরে দাহ্য পদার্থ ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিলে দ্রুত তা সারা বাসে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবিরসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিসংযোগের প্রকৃত কারণ সম্পর্কে জানতে তদন্ত চলছে বলে জানান পুলিশ কর্মকর্তারা।
কেএইচ





