রাজধানীর পল্লবী থানার মিরপুর ১১ নম্বর সেকশনের এডিসি বিহারী ক্যাম্পে রুবেল হোসেন (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা।
রুবেল স্থানীয় একটি মাংসের দোকানে কসাইয়ের কাজ করতেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতা কিংবা মাদক নিয়ে এ খুন সংগঠিত হয়েছে।
শনিবার রাতে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় রুবেলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, নিহত রুবেল মিরপুর ১১ নম্বর সেকশনের এডিসি বিহারী ক্যাম্পের আব্দুর রবের ছেলে। সে স্থানীয় একটি কসাইয়ের দোকানে কাজ করতেন।
জানা যায় শনিবার সন্ধ্যায় বন্ধু সাদিকসহ তারা দু’জন এলাকার নিউ সোসাইটি মার্কেটের তৃতীয় তলায় যায় মাদক সেবনের জন্য। মাদক সেবনের সময় স্থানীয় ইমরানসহ ৪জন এসে রুবেলকে এলোপাতারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়না তদন্তর জন্য লাশটি মর্গে রাখা হয়েছে।
জেড





