খুলনায় ডাকাতিতে বাধা দেয়ায় বৃদ্ধ পিতা ইলিয়াস হোসেন (৭০) ও তার বিবাহিত মেয়ে পারভীন সুলতানাকে (২৫) শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর লবণচরা থানা এলাকার মোহাম্মদনগর-সংলগ্ন বুড়ো মৌলবীর দরগা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ডাকাতরা কী পরিমান মালামাল বা অর্থ লুট করেছে তা জানা যায়নি। পারভীন সুলতানা এক্সিম ব্যাংকের খুলনা শাখার ক্যাশ অফিসার।
নিহত ইলিয়াস হোসেনের ছেলে রেজাউল ইসলাম বিপ্লব জানিয়েছেন, ডাকাতরা তার বাবা ও বোনকে মেরে সেফটি ট্যাংকির মধ্যে ফেলে রেখে যায়।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশারফ হোসেন জানিয়েছেন, একদল সংঘবদ্ধ ডাকাত বৃদ্ধ ইলিয়াস হোসেনের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে।
এ সময় বাড়ির সদস্যরা টের পেয়ে চিৎকার করলে তারা প্রথমে তাকে এবং পরে তার কন্যা পারভীনকে শ্বাসরোধ করে হত্যা করে। ঘরের মালামাল ও আসবাব তছনছ করা হয়েছে।
লবণচরা থানার এসআই রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ ও আলামত সংগ্রহ করছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাটি শুধু ডাকাতি, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এআর





