সাতক্ষীরার দেবহাটায় আব্দুল মোমিন নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার রাতে এশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে তাকে গ্রেফতার করা হয়।
তিনি দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের মৃত মোহর আলীর ছেলে।
এদিকে নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব আলীর নেতৃত্বে সেলিম, সাব্বির, সাগর, রাকিব, মোমিন মোল্লাসহ ১০/১২ জনের একটি সন্ত্রাসী গ্রুপ আব্দুল মোমিনের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ জানান, আটককৃতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তবে বাড়ি ঘর ভাঙচুরের বিষয়টি তার জানা নেই।
এ ঘটনায় সাতক্ষীরা জামায়াতের জেলা আমীর ও সাবেক এম.পি. অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক, জেলা নায়েবে আমীর হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, জেলা সেক্রেটারি শেখ নূরুল হুদা, সদর পূর্ব থানা আমীর মাস্টার হাবিবুর রহমান ও সেক্রেটারি আব্দুল ওয়ারেস, দেবহাটা উপজেলা আমীর মকুল ও সেক্রেটারি নুর মোহাম্মাদ এক যৌথ বিবৃতিতে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এক প্রতিবাদ বার্তায় তারা বলেন, পুলিশ একদিকে জামায়াত নেতাদের গ্রেফতার করছে অন্যদিকে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী দিয়ে জামায়াত নেতা-কর্মীদের বাড়ি-ঘর লুট-পাটসহ অগ্নিসংযোগ করছে। সাতক্ষীরার এ শান্তিপূর্ণ জনপদকে আবারো অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে সরকার ও আওয়ামী সন্ত্রাসীরা।
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





