কাউন্সিলের মাধ্যমে বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার বেলা ১১টায় আশুলিয়ার নবীনগরে ঢাকা-আরিচা মহাসড়কের উন্নয়ন কাজের পরিদর্শন করতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
এসময় মন্ত্রী আরো বলেন, ঘুরে দাঁড়ানোর ডাক দিয়ে বিএনপি যে কাউন্সিল আহবান করেছে তাতে ঘুরে দাড়ানোর কোনো আভাস পাওয়া যাচ্ছে না। যেহেতু নেতৃত্বে কোনো পরিবর্তন হচ্ছে না, তাই ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভবনাও নেই।
‘গণতন্ত্র বাচাঁনোর কথা বলে পেট্রোল বোমা ও আগুন নিয়ে মাঠে নেমেছিল। এবারো কি তারা পেট্রোল বোমা ও আগুন নিয়ে ঘুরে দাড়াতে যাচ্ছে? সেটি এখন দেখার বিষয়’ বলেন মন্ত্রী।
বিএনপির কাউন্সিল করতে কোনো বাধা দেয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, বাধা দিলে এত উৎসবমুখর পরিবেশে বিএনপি তাদের কাউন্সিল করতে পারতো না। শুধু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট নয়, তাদের চাহিদা মত সোহরাওয়াদী উদ্যানও তাদের বরাদ্দ দেয়া হয়েছে।
বিএনপি আগুন সন্ত্রাসের রাজনীতি করে বলেই তাদের কাউন্সিলে এবার কোন প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
এআইজে





