নওগাঁর রানীনগর উপজেলার এনায়েতপুর গ্রামে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে গোলাম রব্বানী (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয়ে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১১টার দিকে গোলাম রব্বানী মারা যান।

তিনি এনায়েতপুরের কছির উদ্দিন প্রামাণিকের ছেলে।

এলাকাবাসী জানান, বাড়ির পাশের কিছু জমি নিয়ে গোলাম রব্বানীর সঙ্গে প্রতিবেশী রহমতের বিরোধ চলছিলো। এর জের ধরে শুক্রবার রাতে তাদের দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। এতে রহমতের লোকজনের মারপিটে গোলাম রব্বানী গুরুতর আহত হন। এ অবস্থায় রাতেই তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান তিনি।

এ বিষয়ে রানীনগর থানার পরিদর্শক আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কেএইচ