নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোবিন্দপুর এলাকায় মহসিন মোল্লা (২৫) নামে এক যুবককে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে শনিবার বেলা ১১টার দিকে হোসেন আলী (৩৫) নামে একজনকে গোবিন্দপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। তিনি ওই এলাকার আব্দুল হাইয়ের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে মহসিন মোল্লার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও নিহতের বাবা সাদেক মোল্লা জানান, মহসিন মোল্লা গোবিন্দপুর এলাকার (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) রাজউকের ১৯ নম্বর সেক্টরের ২৫ নম্বর ‍ব্রিজ নির্মাণে নৈশ প্রহরী ও শ্রমিক নিয়োগের দায়িত্বে ছিলেন।

কিন্তু ওই ব্রিজের নির্মাণে নৈশ প্রহরী ও শ্রমিক নিয়োগের দায়িত্ব দাবি করেন একই এলাকার গাফফার মিয়া, ফারুক মিয়াসহ তাদের লোকজন। এ নিয়ে মহসিনের সঙ্গে তাদের কয়েক দিন ধরে বিরোধ চলে আসছিল।

ওই বিরোধের জের ধরে শুক্রবার বিকাল ৪টার দিকে গাফফার মিয়া, ফারুক মিয়াসহ তাদের লোকজন মহসিনের শ্রমিকদের মারপিট করেন। খবর পেয়ে মহসিন তার লোকজন নিয়ে গাফফার মিয়া ও ফারুক মিয়াসহ তাদের লোকজনকে মারধর করেন।

ওই ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মহসিনকে ব্রিজ থেকে তুলে নিয়ে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে।

রূপগঞ্জ থানার এসআই হাফিজুর রহমান জানান, এ ঘটনায় নিহতের বাবা সাদেক মোল্লা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ