চট্টগ্রামে আনসার বহনকারী একটি বাসে আগুন দিয়েছে অজ্ঞাতরা। জেলার ইপিজেড থানার পাশে এ ঘটনা ঘটে।
বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ আগুন দেয়া হয়।
খবর পেয়ে ইপিজেড ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ইপিজেড ফায়ার স্টেশন অফিসার বাহার উদ্দিন জানান, লেবার কলোনী মাঠে পার্কিং অবস্থায় চট্টগ্রাম বন্দরের একটি স্টাফ বাসে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে দুটি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, ইপিজেড থানার লেবার কলোনীর পাশে আনসার ক্যাম্প থেকে বাসটিতে করে বন্দরে দায়িত্বরত আনসার সদস্যদের আনা-নেয়া করা হয়।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আনসার বহনকারী একটি বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
এমআর





