রাঙামাটিতে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার করে নিয়েছে রাঙামাটি পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

বুধবার রাঙামাটি জেলাপ্রশাসক কার্যালয়ে প্রশাসন, বাস ও লঞ্চ মালিক সমিতি, পরিবহন শ্রমিকদের বিভিন্ন সংগঠন এবং ঘটনার সঙ্গে জড়িতদের এক যৌথসভা শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন পরিবহন মালিক-শ্রমিক নেতারা।

শ্রমিক ইউনিয়ন সম্পাদক খোরশেদ আলম ও বাস মালিক সমিতির অডিট সম্পাদক শহীদুজ্জামান রোমান রাত সাড়ে ৮টায় ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এর আগে বিকেল ৫টায় বৈঠক শুরু হয়। বৈঠকে আহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়া এবং চিকিৎসার খরচ বহন করার ব্যাপারে সম্মত হয় ঘটনার সঙ্গে জড়িত দোকান মালিক।

গত সোমবার রাঙামাটি শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিবহন শ্রমিক ও দোকান কর্মচারীদের মধ্যে সংঘর্ষে ৬ পরিবহন শ্রমিক আহত হয়।

এ ঘটনার জের ধরে তাৎক্ষণিকভাবে সড়কে বাস রেখে সড়ক অবরোধ করে তারা। এবং মঙ্গলবার বাস ধর্মঘট পালন করে পরিবহন মালিক শ্রমিকরা। এরপর বুধবার থেকে টানা পরিবহন ধর্মঘটের ডাক দেয় মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম,এসএইচ