হত্যামামলার তদন্তে এসে শারীরিকভাবে নির্যাতন করার দায়ে জেলার বটিয়াঘাটা থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
নির্যাতিত উপজেলার তেঁতুলতলা গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত আনসার সদস্য মো. বাবুল হাওলাদার মঙ্গলবার বাদী হয়ে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত- ২ এ মামলাটি করেন।
একটি হত্যামামলার তদন্তে গিয়ে ওসি শারীরিক নির্যাতন করায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি তদন্ত করতে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
বাদী মো. বাবুল হাওলাদার তার এজাহারে উল্লেখ করেন, ১৫ জুলাই সকাল সাড়ে ১০টায় বটিয়াঘাটা থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা লবণচরা এলাকায় সোহাগ হত্যামামলার তদন্তে শান্তিনগর গ্রামে তার বাবা আব্দুল বারিক খলিফার বাড়িতে যান।
এ সময় উপস্থিত লোকজনের সামনে বাদী সোহাগের বাবা ও পুলিশকে উদ্দেশ করে বলেন, সোহাগ হত্যার সঙ্গে যেন নিরীহ কেউ না জড়ায়, প্রকৃত হত্যাকারীরা যেন শাস্তি পায়।
একথা শুনে ওসি মনিরুজ্জামান মোল্লা কথা বলার অপরাধে লোকজনের সামনেই বাদীকে মারধর করেন। এমনকি তাকে গলা ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেন। এ ঘটনার প্রতিবাদে তিনি মামলা দায়ের করেন।
এজাহারে তিনি আসামির বিরুদ্ধে অপরাধ আমলে নিয়ে সুবিচার দাবি করেন।
আসামিপক্ষের আইনজীবী আলী ইমরান হোসেন লিটন জানান, আদালত মামলাটি তদন্ত করতে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
এ ব্যাপারে বটিয়াঘাটা থানার ওসি মনিরুজ্জামান মোল্লার মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।
খুলনার পুলিশ সুপার হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, আদালত যে সিদ্ধান্ত দিবে, সেটি তারা দেখবেন। মামলা গ্রহণ আদালতের এখতিয়ার।
কেএইচ





