সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি ও ৪০০ পিস ইয়াবা উদ্ধার ও আন্তঃজেলা অস্ত্র ও মাদক ব্যবসায়ী আহসান হাবিবকে (৪৫) গ্রেফতার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) সদস্যরা।
গ্রেফতারকৃত আহসান হাবিব জেলার কামারখন্দ উপজেলার তালতলী গ্রামের আজাহার আলীর ছেলে।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার কামারখন্দ উপজেলার তালতলী গ্রামে মাদক ও অস্ত্র ব্যবসায়ী আহসান হাবিবের বাড়িতে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে তার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, গ্রেফতারকৃত আহসানের বিরুদ্ধে সিরাজগঞ্জ, জয়পুরহাট ও বগুড়া জেলার বিভিন্ন থানায় অপহরণ, মাদক ও অস্ত্র সংক্রান্ত ৮টি মামলা রয়েছে।
জেআই





