সাতক্ষীরায় সেপ্টেম্বর মাসে শিশু ও মাদ্রাসা সুপারসহ ১৯ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আটজন। পানিতে ডুবে মারা গেছে চার শিশুসহ পাঁচজন।

বজ্রপাতে নিহত হয়েছেন দু’জন। বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন একজন। আত্মহত্যা করেছেন দু’জন। আর পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে এক মাদ্রাসা সুপারের।

এছাড়া গত এক মাসে জেলায় ৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি গণধর্ষণের ঘটনা রয়েছে।

এই সময়ের মধ্যে পুলিশি অভিযানে আটক হয়েছে দেড় শতাধিক ব্যক্তি।

জেলা পুলিশের গোয়েন্দা শাখা সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, জেলায় এ মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে ৭টি। এরমধ্যে জেলার কালিগঞ্জ থানায় চারটি ধর্ষণ ও একটি ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। পাটকেলঘাটা থানায় ধর্ষিত হয়েছে এক প্রতিবন্ধী। সদর উপজেলায় ধর্ষণের ঘটনা ঘটে দুটি। এর মধ্যে ছয়ঘরিয়ায় এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে আটক করা হয় পাঁচজনকে।

এছাড়া, ধর্ষণের চেষ্টা করায় কালিগঞ্জের কৃষ্ণনগরে এক যুবকের লিঙ্গ কর্তনের ঘটনাও ঘটেছে।

এতসব ঘটনার পরেও সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মো. আলতাফ হোসেন জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক।

কেউ শান্ত জেলাকে অশান্ত করার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি দেন এসপি।

এমবি