রাজধানীতে পৃথক ঘটনায় চারজনের অপমৃত্যু হয়েছে। তারা হলেন- সাদ্দাম হোসেন (২২), লিটন (২০) আবুল কালাম (২২) এবং আবুল কালাম (২৫)।

সংশ্লিষ্ট থানা পুলিশ মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন কামরাঙ্গীরচর পশ্চিম রসুলপুর এলাকার কাপড়ের দোকানের কর্মচারী সাদ্দাম। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয় তার। মৃতের বাবার নাম সুলতান মিয়া।

উত্তর যাত্রাবাড়ীর ৪৩/৩ নম্বর বাড়িতে একটি অ্যালুমিনিয়াম কারখানায় কাজ করতেন লিটন। বুধবার সকালে বৃষ্টির সময় ওই কারখানার টিনের চালা ছাদ থেকে পানি পড়ছিল। বেলা ১১টার দিকে পানি বন্ধ করতে ছাদে যান। সেখান থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে তিনি মারাত্মক আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরপুর শেওড়াপাড়ায় একটি বহুতল ভবনে মোটর দিয়ে পানি ছিটানোর সময় আবুল কালাম (২২) নামে একজন বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। বুধবার সকাল ৮টার দিকে বউবাজার সংলগ্ন নির্মাণাধীন ওই ভবনের ৮ম তলায় এ ঘটনা ঘটে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, মৃতের গ্রামের বাড়ি ভোলা জেলায়।

অন্যদিকে বুধবার বেলা ১১টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হন আবুল কালাম (২৫)। যাত্রাবাড়ীর সায়েদাবাদ মুসলিম হোটেল সংলগ্ন আবুলের একটি চায়ের দোকান রয়েছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, মৃতের বাবার নাম কালাম মোল্লা। তিনি শনিরআখড়া শেখদি বটতলায় থাকতেন।

ঢাকা,২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ