কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়ন যুবলীগ নেতা জামাল উদ্দিন (৪০) ওরফে বাক্কা জামালকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার পদুয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জামাল আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামের মৃত আলী আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৯টার দিকে ৫/৬ যুবক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া রাস্তার মাথা এলাকা থেকে যুবলীগ নেতা জামাল উদ্দিনকে জোরপূর্বক জিম্মি করে তুলে নিয়ে যায়।
চৌদ্দগ্রাম থানা পুলিশ পদুয়া রাস্তার এলাকার নির্মাণাধীন একটি বিল্ডিং থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীন শিমুল বলেন, ‘হাসপাতালে আনার আগেই সে মারা যায়। নিহত ব্যক্তির হাত, পা ও মুখে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।’
চৌদ্দগ্রাম থানার ওসি মো. ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, নিহত জামাল উদ্দিন ইতোপূর্বে ইউপি মেম্বার নুরুল আমিন হত্যা মামলায় গ্রেফতার হয়ে কয়েক মাস জেলও খেটেছেন।
এমকে





