জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের কয়ড়া গ্রামে আজ শুক্রবার সকালে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রতিনিধিদল হাতি বঙ্গ বাহাদুরের কবর পরিদর্শনে আসেন।
উপজেলার নির্বাহী কর্মকর্তার দফতর সূত্র জানান, আজ (শুক্রবার) সকালে বাংলাদেশ জাতীয় জাদুঘর ঢাকা থেকে আগত সহকারী পরিচালক প্রাণী বিজ্ঞানী সৌকত ইমাম খান, সহকারী পরিচালক গোলাম কাউছার ও মালী শরাফৎ আলী কয়ড়া গ্রামে আসেন এবং বঙ্গ বাহাদুরের কবর পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ এ জেট মোরসেদ আলী, শেরপুরের বন কর্মকর্তা খলিলুর রহমান, বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিসহ স্থানীয় ইউপি মেম্বার ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাণী বিজ্ঞানী সহকারী পরিচালক সৌকত ইমাম খান বলেন, তারা বাংলাদেশ জাতীয় জাদুঘরের পক্ষে সরকারের কাছে আবেদন করেছেন বঙ্গ বাহাদুরের কঙ্কাল সংরক্ষণ করবেন। ভবিষ্যতে বঙ্গ বাহাদুরের এই কঙ্কাল নিয়ে গবেষণা করা ও পরবর্তী প্রজন্মের শিক্ষা বিষয়ক সহায়ক হিসাবে কাজে লাগানো হবে। তারা বঙ্গ বাহাদুরের নামকরণের স্বার্থকতা হিসাবে কঙ্কালটি জাতীয় জাদুঘরে সংরক্ষণ রাখবেন।
এদিকে গত ২দিন যাবৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা কয়ড়া গ্রামে বঙ্গ বাহাদুরের কবর নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছেন বলে দফতর সূত্রে জানা গেছে।
এমবিএইচ





