চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪ট পর্যন্ত।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে করার লক্ষে সেনাবাহিনী, র্যা ব, পুলিশ ও কোস্টগার্ডসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছে।
জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান জানান, এ উপজেলায় এবারের নির্বাচনে মোট ভোটার ৬৯ হাজার ৭শ’ ৮০ জন। মোট ৩১টি ভোটকেন্দ্রের মধ্যে ২৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর জানান, নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ সমর্থিত নূর হোসেন পাটওয়ারী, একই দলের বিদ্রোহী শাহজাহান মিয়া ও কায়কোবাদ চুন্নু, বিএনপি সমর্থিত মোখলেছুর রহমান ও হারুনুর রশিদ পাটওয়ারী।
তবে হারুনুর রশিদ ইতিমধ্যেই বিদ্রোহী প্রার্থী মোখলেছুর রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
গত ২৭ ফেব্রুয়ারি অন্যান্য উপজেলার সঙ্গে হাইমচর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জনৈক রায়হান খানের মামলা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দুই বার নির্বাচন স্থগিত করা হয়। পরে গত ১২ ডিসেম্বর নির্বাচন কমিশন নতুন করে ভোটগ্রহণের দিন ধার্য্য করে ২৩ ডিসেম্বর।
জেএ





