চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার রেলওয়ে স্টেশন এলাকায় খালেদা বেগম (৫০) নামে এক মহিলাকে পিটিয়ে হত্যা করেছে ফুটপাতে বসবাসকারী বাসিন্দারা। তিনি ময়মনসিংহের ওয়াহেদুল আলমের স্ত্রী বলে জানা গেছে। এ ঘটনায় ৪ মহিলাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন ইয়াসমিন আকতার (২৫), মিলনী বেগম (৩০), জামাল হোসেন (১৮) ও লাকী বেগম (৩৫)। রবিবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় ফুটপাতে ১০ থেকে ১২ বছর যাবৎ বসবাস করে আসছিলেন খালেদা বেগম। স্থানীয়রা সবাই তাকে পাগলী বলে ডাকত। কিছুদিন আগে ফুটপাত থেকে একটি ছেলে হারিয়ে গেলে তাকে সন্দেহ করে ফুটপাতে বসবাসকারীরা। গতকাল রাতে এর জের ধরে খালেদার সাথে ঝগড়া হয় তাদের। পরে সকালে হাত-পা বেঁধে তাকে পিটিয়ে হত্যা করে তারা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম বলেন, ফুটপাতে বসবাসকারী একজনের ছেলে হারানোর ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। সন্দেহের বশবর্তী হয়ে স্থানীয়রা ঐ মহিলার হাত-পা বেঁধে পিটিয়ে তার কাছ থেকে এ ব্যাপারে স্বীকারোক্তি আদায় করতে চাইলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দয়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ