রাজধানীর পুরান ঢাকার ওয়ারির শাহসাহেব লেনে টুম্পা রানী (১৮)নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। গৃহবধূর পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তার স্বামীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, রহস্যজনক ভাবে মৃত্যু হওয়া গৃহবধূর স্বামীর নাম সুবন রাজা ওরফে রাজন দাশ। টুম্পা ও তার স্বামী নারিন্দার সাহেব লেনের ৭১/১ বাড়িতে ভাড়া থাকতো।
স্বামী সুবন রাজা জানান, চার মাস আগে তার ও টুম্পার পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়।
তিনি আরো জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে কথা কাটাকাটির জেরে অভিমান করে ভোর ৫ টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন টুম্পা। পরে এ অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে নিকটস্থ সালাহউদ্দিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে।
পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। এক পর্যায়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আজ (শুক্রবার) সকাল সাড়ে ৭টায় টুম্পা রানীকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে টুম্পার ভাই সুমন চন্দ্র পাল হাসপাতালে ছুটে আসেন। এ সময় তিনি দাবি করেন স্বামী সুবন রাজা তার বোনকে হত্যা করেছে। পরে এমন অভিযোগের ভিত্তিতে হাসপাতালের ক্যাম্প পুলিশের এসআই মোজাম্মেল হক স্বামী রাজন দাসকে আটক করেন। নিহত টুম্পা রানী গাজীপুরের কাপাসিয়ার নিতাই পালের কন্যা।
টুম্পার বাবা নিতাই পাল জানান, চার মাস আগে সুবন দাসের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বৃহস্পতিবার রাতে টুম্পা কান্না কণ্ঠে বাবা নিতাইকে অনুরোধ জানায় তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু অনেক রাত হওয়ায় বাবা আসতে পারেননি তাকে নেওয়ার জন্য। পরে আজ (শুক্রবার) সকালে এসে দেখতে হলো তার মেয়ের লাশ।
ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





