ফরিদপুরের ভাঙ্গায় দুই দল গ্রামবাসীর মধ্যকার সংঘর্ষে জামাল সেক (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, গত রবিবার বিকালে বালিয়াচরা মাঠে ঐ গ্রামের দুই দল যুবকের মধ্যে ক্রিকেট খেলা চলছিল। সে সময়ে ক্রিকেট খেলা নিয়ে কথাকাটাকাটির এক পর্যায় হাতাহাতির ঘটনা ঘটে।
রাতে দেলোয়ার মাতুব্বর গ্রুপ ও কামাল মাতুব্বর গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়য়ে পড়ে। এই ঘটনায় পুলিশসহ ৫০ জন আহত হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে কুদ্দুস মুন্সি লোকজনের সাথে বেল্লাল সেকের লোকজনের মারামারি শুরু হয়। এতে দুই দল গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জামাল সেক নিহত ও ৩০ জন আহত হন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে।
ওএফ





