রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা থেকে এক ধর্ষিত কিশোরীকে (১২) উদ্ধার করেছে পুলিশ। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ওই কিশোরীকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠান পল্লবী থানার এসআই রাসেল পারভেজ।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক ও পল্লবী থানা সূত্রে এসব তথ্য জানা গেছে।

ঢামেক সূত্রে জানা যায়, বিকাল ৩টার দিকে পল্লবী থানা পুলিশ এক কিশোরীকে এনে ঢামেকে ভর্তি করায়। এ সময় মেয়েটি কথা বলতে পারছিল না। তার পরনের কাপড় ছেঁড়া এবং বিভিন্ন স্থানে রক্তের দাগ ছিল। তবে পুলিশ কোনো কাগজপত্র না দেওয়ায় বিস্তারিত জানা যায়নি।

এ ব্যাপারে পল্লবী থানায় ফোন করলে ডিউটি অফিসার শরিফুল জানান, এসআই রাসেল পারভেজ ও এসআই রোকনুজ্জামান মিলে ওই কিশোরী মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। মেয়েটি ওই এলাকার একটি স্কুলের ছাত্রী।

এসআই রাসেল পারভেজের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

কেএইচ