প্রশাসনের ৮৩ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার এ পদোন্নতি-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব সৈয়দা ফারহানা কাউনাইন। এর আগে মন্ত্রণালয় থেকে পাঠানো এ সংক্রান্ত ফাইল অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির কার্যালয়সহ প্রশাসনের উচ্চ পর্যায়ের রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ভূইয়া শফিকুল ইসলামকে প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য পদে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির একান্ত সচিব সম্পদ বড়ুয়াকে করা হয়েছে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব।
জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সচিব) এ কে এম মোজাম্মেল হককে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে। আর স্থানীয় সরকার বিভাগের পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন ইউনিটের মহাপরিচালক বেগম জুয়েনা আজিজকে করা হয়েছে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়)।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব বেগম কানিজ ফাতেমাকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক পদে বদলি করা হয়েছে।
ওএফ





