করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। গত ৫ সপ্তাহের সর্বনিম্ন। মৃতদের মধ্যে পুরুষ ২৩ এবং নারী ১৪ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৮৩৩ জন।

একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৬৮২ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৭০ হাজার ৮৪২ জন।

শুক্রবার (০৭ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৩২৯ জনের নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক ৮৯ শতাংশ। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৫ লাখ ৯৯ হাজার ২৭৬টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ১৭৮ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪ হাজার ৩৪১ জন।

মৃত ৩৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৯, চট্টগ্রামে ১১, রাজশাহীতে ২, খুলনায় ১, বরিশাল ১, সিলেটে ২ এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২০ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১১, ৪১ থেকে ৫০ বছরের ৫ এবং ৩১ থেকে ৪০ বছরের একজন রয়েছেন।

এমবি