টেকনাফের দমদমিয়া চেকপোস্ট থেকে ১১ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবি। মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

এসময় জব্দ করা হয় সিএনজি টেক্সি ও এ্যালুমিনিয়ামের বিভিন্ন জিনিসপত্র। যার আনুমানিক মূল্য ৩৮ লাখ ১০ হাজার টাকা।

গ্রেফতার দুইজন হলেন শরীয়তপুরের জাঝিড়া থানার বড় গোপালপুরের ছোট কৃষ্ণনগর এলাকার জয়নাল শেখের ছেলে মো. সাদ্দাম হোসেন (২৭) ও টেকনাফের সাবরাং রুহুল্লাডেপা পাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে আহম্মদ হোসেন (৩২)।

বিজিবি টেকনাফ-২ ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, টেকনাফ হতে হ্নীলাগামী এ্যালুমিনিয়ামের জিনিসপত্রবাহী একটি সিএনজি টেক্সি দমদমিয়া চেকপোস্টে থামানো হয়। সিএনজি চালক ও যাত্রীর ওপর সন্দেহ হলে গাড়ির উপরে থাকা এ্যালুমিনিয়ামের জিনিসপত্র তল্লাশি করা হয়। এতে এ্যালুমিনিয়ামের দুইটি গামলার ভিতর ফিটিং অবস্থায় একটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটটি খুলে ১১ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে।

তিনি জানান, এসময় সিএনজি ও এ্যালুমিনিয়ামের জিনিসপত্র জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩৮ লাখ ১০ হাজার টাকা। গ্রেফতারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে ।

এমআর