চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. আলমগীর (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গণ্ডামারা গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, নিহত আলমগীর ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় ডাকাতির অভিযোগে ৯টি মামলা রয়েছে। আলমগীর উপজেলার গণ্ডামারা ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডের আলী আহমদ ছেলে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার।

তিনি জানান, র‌্যাবের একটি দল গণ্ডামারা এলাকায় টহল দিচ্ছিল। আকস্মিকভাবে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে কিছু দুর্বৃত্ত।

আত্মরক্ষার্থে র্যাবের সদস্যরাও গুলি ছোড়েন। পাল্টাপাল্টি গুলিবিনিময়ের পর ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

পরে তাকে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে চারটি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, দুটি রামদা, একটি ছুরি, ১১ রাউন্ড কার্তুজ ও দুই রাউন্ড খোসা উদ্ধার করা হয়েছে।

নিহত ব্যক্তিকে স্থানীয়রা মো. আলমগীর ওরফে আলম ডাকাত হিসেবে এলাকায় পরিচিত বলে দাবি করে র‌্যাব।

র্যাব সূত্র জানায়, আলমগীরের বিরুদ্ধে বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় ডাকাতির অভিযোগে ৯টি মামলা আছে।

নিহত আলমগীরের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে বলে র‌্যাব সূত্র জানা যায়।

এমআর