অবশেষে দীর্ঘ দুই যুগের অচলাবস্থার অবসান ঘটিয়ে আলোর মুখ দেখতে যাচ্ছে দোহাজারী-রামু-কক্সবাজার ও রামু-ঘুমধুম রেল যোগাযোগ প্রকল্প। এ রেলপথ বাস্তবায়ন হলে বদলে যাবে চট্টগ্রাম-কক্সবাজারের চিত্র।
প্রায় দুই যুগ আগে শুরু হয়েছিলে চট্টগ্রামের দোহাজারী পর্যন্ত থাকা রেললাইনকে কক্সবাজারের ঘুমধুম পর্যন্ত বিস্তৃত করার কাজ। কিন্তু নানা জটিলতার কারণে বার বার হোঁচট খেয়েছে এ প্রকল্প। শেষ পর্যন্ত বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে শুরু করেছে এ প্রকল্পের কাজ। তবে আগের নকশা অনুযায়ী মিটারগেজের রেললাইন হওয়ার কথা থাকলেও এবার হচ্ছে ব্রডগেজসহ ডুয়েল লাইন।
রেলওয়ে (পূর্বাঞ্চল) সূত্রে জানা গেছে, দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের নিকটবর্তী ঘুমধুম পর্যন্ত ডুয়েলগেজ সিঙ্গেল রেলওয়ে লাইন নির্মাণ প্রকল্পে মিটারগেজ রেলপথ নির্মাণের সংস্থান রেখে প্রকল্পের ডিপিপি গত ২০১০ সালের ৬ জুলাই একনেকে অনুমোদন পায়। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রেক্ষিতে ২০১৪ সালে প্রকল্পটিতে মিটারগেজ রেললাইনের পরিবর্তে ডুয়েলগেজ রেললাইন নির্মাণের গৃহীত হয়। এর প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১৩ হাজার ২৯ কোটি ৬৭ লাখ টাকা। বাস্তবায়নকাল ধরা হয় ২০১০ সালের ১ জুলাই থেকে ৩০ জুন ২০২০ সাল। এই সিদ্ধান্ত বাস্তবায়নে এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে আরসিআই সম্ভাব্যতা কার্যক্রম শেষ হয়। সেই প্রেক্ষিতে প্রকল্প বাস্তবায়নে ১ হাজার ৭২৯ দশমিক ৪৩ একর ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। যা এখনো চলমান রয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চল মহাব্যবস্থাপক মোহাম্মদ মকবুল আহমেদ জানান, এ প্রকল্প বাস্তবায়নের জন্য জমি অধিগ্রহণ করতে ৩১২ কোটি টাকা পরিশোধ করার পর আবার নতুন করে বরাদ্দ দেওয়া হয়েছে ৬০৫ কোটি টাকা। আগামী বছর টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে ২০২০ সালের মধ্যে শেষ হবে পুরো কাজ।
দোহাজারী-ঘুমধুম রেললাইন প্রকল্প পরিচালক ঈশা-ই-খলিল বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এ প্রকল্পের কাজ বার বার বন্ধ হয়ে যাওয়ায় বেড়ে যাচ্ছে প্রকল্প ব্যয়। শুরুর দিকে প্রকল্পটির ব্যয় ১ হাজার কোটি টাকা ধরা হলেও এখন এর ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে ২ হাজার কোটি টাকার বেশি। মূলত ট্রান্স এশিয়ান রেলওয়ের অংশ হিসেবে এ রেললাইন ঘুমধুম পর্যন্ত বিস্তৃত করা হচ্ছে বলে জানান তিনি।
এ কার্যক্রমের মাধ্যমে পর্যটন শহর কক্সবাজার রেল নেটওর্য়াকের আওতায় আসবে এবং সাথে সাথে পর্যটনশিল্প ও ব্যবসা-বাণিজ্যের বিকাশ ঘটবে।
এমআইএস।
জাতীয়
প্রসঙ্গে চট্টগ্রাম-কক্সবাজার-ঘুমধুম রেল প্রকল্প
অবশেষে দীর্ঘ দুই যুগের অচলাবস্থার অবসান ঘটিয়ে আলোর মুখ দেখতে যাচ্ছে দোহাজারী-রামু-কক্সবাজার ও রামু-ঘুমধুম রেল যোগাযোগ প্রকল্প। এ রেলপথ বাস্তবায়ন হলে বদলে যাবে চট্টগ্রাম-কক্সবাজারের চিত্র।





