চট্টগ্রাম বন্দর এলাকায় দায়িত্ব পালনকালে এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার বিকালে বন্দর ৩ নম্বর গেটে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ পুলিশ সদস্যের নাম আনন্দ বড়ুয়া। তাকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেলেও পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।

বন্দর থানার ওসি (তদন্ত) বদরুল জানান, বন্দরের ৩ নম্বর গেটে বন্দরের নিজস্ব নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে আনন্দ বড়ুয়াসহ দু‘জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন। বিকালের দিকে একপর্যায়ে অজ্ঞাত কারণে আনন্দ বড়ুয়া নিজের রাইফেল দিয়ে গুলি চালান।

গুলিটি তার থুতনির নিচের অংশ দিয়ে শরীরে প্রবেশ করে নাকের পাশে দিয়ে বের হয়ে যায়। প্রথমে তাকে বন্দর হাসপাতালে নেয়া হয়। এরপর চমেক হাসপাতালে নেয়ার পর অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তার অবস্থা অনেকটাই আশঙ্কামুক্ত। তিনি কি কারণে গুলি করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে সিএমপির একটি সূত্র জানায়, ছুটির আবেদন করেও না পেয়ে ক্ষুব্ধ হয়ে আত্মহত্যার চেষ্টা করেন আনন্দ বড়ুয়া। তবে এ অভিযোগ সত্য নয় বলে ওসি তদন্ত বদরুল মামুন জানান।

এআই