আগামী ৩০ এপ্রিলের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করতে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) অনুরোধ জানিয়েছেন মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
সোমবার বিকেলে পুলিশের আইজি সিইসি কাজী রকিব উদ্দীন আহমেদের সঙ্গে সাক্ষাতকালে এ অনুরোধ জানান।
পরে আইজিপি শহীদুল হক অপেক্ষমান সাংবাদিকদের বলেন, সিইসি জানতে চেয়েছেন নির্বাচন করার মতো পরিস্থিতি আছে কি না? জবাবে তিনি বলেছেন, দেশের পরিস্থিতি এখন স্বাভাবিক।
ফলে তফসিল ঘোষণার পর রাজধানীজুড়ে নির্বাচনের আমেজ তৈরি হবে। মানুষ নির্বাচনমুখী হয়ে পড়বে। তাতে পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে।
আইজিপি বলেন, পুলিশের পক্ষ থেকে ৩০ এপ্রিলের মধ্যে নির্বাচন করার অনুরোধ জানানো হয়েছে। কারণ, এপ্রিলের পর পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশ সফর করবে। তখন ঢাকায় পুলিশের পক্ষে নির্বাচনে দায়িত্ব পালন করা কঠিন হয়ে যাবে।
শহীদুল হক বলেন, ডিসিসির নির্বাচনের তফসিল ঘোষণার পর সাধারণ মানুষই সহিংসতা ও নাশকতাকারীদের প্রতিরোধ করবে।
একে





