রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের সঙ্গে নব-নিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম শাহীন ইকবাল সৌজন্য সাক্ষাৎ করেন।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে বঙ্গভবনে এই সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে একথা জানান।
রাষ্ট্রপতি নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের বিশাল সমুদ্র এলাকার সার্বভৌমত্ব রক্ষাসহ এ অঞ্চলের সামুদ্রিক সম্পদ আহরণ ও সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
রাষ্ট্রপতি বলেন, সরকার সশস্ত্রবাহিনীর উন্নয়নে ফোর্সেস গোলস্ ২০৩০ বাস্তবায়ন করছে। এর ফলে বাংলাদেশ নৌবাহিনী আজ ত্রিমাত্রিক , দক্ষ ও চৌকশ বাহিনীতে পরিণত হয়েছে।
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী আরও আধুনিক ও প্রযুক্তিজ্ঞানসম্পন্ন শক্তিশালী বাহিনীতে পরিণত হবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।
নবনিযুক্ত নৌবাহিনী প্রধান দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন। রাষ্ট্রপতি নৌবাহিনী প্রধানের সাফল্য কামনা করেন। সাক্ষাতকালে রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন। বাসস
এমবি





