পুলিশের ডিআইজি ইকবাল বাহার চৌধুরী বলেছেন, ‘নিজেদের ও আশেপাশের জানমাল রক্ষা করা সবার দায়িত্ব। জানমাল রক্ষার জন্য কাউকে হত্যা করলে তা অপরাধ হবে না।’

সোমবার দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘পেট্রোল বোমা ও ককটেল হামলাকারী বা বহনকারীদের ধরতে পুলিশ পিছপা হবে না। তাদের জীবিত বা মৃত ধরা হবে।’

ডিআইজি আরো বলেন, ‘গত ৬ জানুয়ারি থেকে দেশে হরতাল-অবরোধের বোঝা চাপিয়ে দেওয়া হলেও জনগণ তা বয়কট করেছে। জনগণ সোচ্চার হচ্ছে। যারা মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত তাদের গ্রেফতারে গুরুতর আঘাত বা হত্যা করার ক্ষমতা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি সদেস্যর আছে। আজ যারা পেট্রোল বোমা বা ককটেল মেরে মানুষ হত্যা করছে, তাদের শাস্তি মৃত্যুদণ্ড। যারা এসব করছে তার সন্ত্রাসী, এসব কর্মকাণ্ড রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। এটা সমূলে উৎপাটন করার দায়িত্ব আমাদের। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এদের প্রতিহত করতে হবে।’

আহম্মেদপুরের মোজাম্মেল হক এম উচ্চ বিদ্যালয়ে আয়োজিত শান্তি সমাবেশে জেলা প্রশাসক মশিউর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন রাজশাহীর বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহম্মেদ, র্যা বের ডিআইজি কর্নেল আদিল চৌধুরী, বিজিবির সেক্টর কমান্ডার (রাজশাহী) কর্নেল ছেরদাসুল আহম্মেদ, ডিজিএফআই রাজশাহীর সহকারী পরিচালক কর্নেল আমিনুল ইসলাম, র্যা ব ৫-এর পরিচালক মাহবুবুল আলম ও নাটোরের পুলিশ সুপার বাসুদেব বণিকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ।

শান্তি সমাবেশে শিক্ষক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকে উপস্থিত ছিলেন।
জেআই