চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী আবিদুর রহমানকে প্রধান করে তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা ইফতেখার হোসেন এবং বিভাগীয় প্রকৌশলী (মেকানিক্যাল) সাইফুল ইসলাম।

রেলওয়ে পরিবহণ কর্মকর্তা ইফতেখার হোসেন তদন্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে বলেন, 'বাড়বকুণ্ড রেলক্রসিংয়ে কাভার্ড ভ্যানের সঙ্গে ট্রেনের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

এই ঘটনায় আরও দুইজন আহত হওয়া ছাড়াও ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনার পর সকাল সাড়ে ৫টা থেকে সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেছে।'

এমকে