বসন্ত এসে গেছে আজ বসন্ত, পহেলা ফাল্গুন। কবি সুভাষ মুখোপাধ্যায়ের পক্তিটি মনে করিয়ে দেয় ‘ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত।’
আর কাজী নজরুল ইসলাম বলেছিলেন, ‘বসন্ত এলো এলো এলোরে পঞ্চম স্বরে কোকিল কুহুরে মুহু মুহু কুহু কুহু তানে মাধবী নিকুঞ্জে পুঞ্জে পুঞ্জে ভ্রমর গুঞ্জে গুঞ্জে গুনগুন গানে।’
অপরদিকে সুফিয়া কামাল বলেছিলেন, ‘হে কবি! নীরব কেন-ফাল্গুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর- নব বসন্তের দানের ডালি এনেছি তোদেরই দ্বারে, আয় আয় আয়, পরিবি গলার হারে॥ লতার বাঁধন হারায়ে মাধবী মরিছে কেঁদে-- বেণীর বাঁধনে রাখিবি বেঁধে, অলকদোলায় দুলাবি তারে, আয় আয় আয়।
ফুলের উচ্ছ্বাসে হাসছে আকাশ, কাঁপছে বাতাস, দুলছে আম্রমুকুল। অকারণের সুখে অলক্ষ্যে রঙ লাগছে অশোকে-কিংশুকে। মেঠোপথের ধারে কারও জন্য অপেক্ষা না করেই ফুটছে নাম না-জানা অসংখ্য সব ফুলেরা। তরুণ মনে বিহ্বলতা ছড়িয়ে দিচ্ছে কোকিলের ডাক।
সে সুরের আবেগে প্রকৃতিতে বসন্তের রঙ লেগেছে ক’দিন ধরেই- তবে দিনপঞ্জির হিসাবে তার অভিষেক আজকের নতুন সূর্যোদয়ের মধ্য দিয়ে।
ফাল্গুনে বসন্ত উৎসবের রঙে মেতে ওঠে তরুণ হৃদয়, নতুন করে প্রাণ পান প্রবীণেরা। বসন্তে শুধু প্রকৃতিই নয়, হৃদয়ও রাঙা হয়ে ওঠে। বসন্ত তাই অনেকের কাছে ‘প্রেমের ঋতু’। সে ঋতুতে চোখে নেশা লাগে, দিক ভুল হয়; বাসনা বিলাসে বাড়ে আশা, বৃদ্ধি পায় মনের সুপ্ত তিয়াশা।

১৪২৫ বঙ্গাব্দের শেষ ঋতুরাজা বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুনের মানসপটে বার বার হানা দিচ্ছে কবিগুরুর এ ‘ফাল্গুন’। ঋতুরাজ বসন্ত আবাহনের ক্ষণযাত্রা। ফুলেল মধুময় ও যৌবনের উদ্যামতা বয়ে আনার বসন্ত, উচ্ছ্বাস ও উদ্বেলতায় মন-প্রাণ কেড়ে নেয়ার বসন্ত।
তারই রেশ ধরে শচীন কর্তার মতো তাই সকলের মনে অনুরণিত হয়, ‘শোন গো দখিনা হাওয়া/ প্রেম করেছি আমি’।প্রেম বিলিয়ে এ ঋতুতে শিমুল-পলাশের ডালে বসে তাকে কাছে টানবে কোকিল, পাপিয়া, ময়না। ফুলের মধু খেতে আসবে পাখি। এই ফুল থেকে ওই ফুলে ঘুরবে মৌমাছি।
সকাল ৭টায় চারুকলা অনুষদের বকুলতলায় যন্ত্রসঙ্গীতের সুর-মূর্ছনা দিয়ে শুরু হয়ে এ উৎসব চলবে সকাল ১০টা পর্যন্ত। বিকেল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত একযোগে অনুষ্ঠান চলবে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক, চারুকলার বকুলতলা, ধানমন্ডির রবীন্দ্র সরোবর এবং উত্তরার ৩নং সেক্টরের রবীন্দ্র স্মরণীর উন্মুক্ত মঞ্চে।
শিল্পকলা একাডেমির উদ্যোগে বিকেল সাড়ে ৪টায় সোহরাওয়ার্দী উদ্যানের ‘মুক্ত মঞ্চে’ বসন্ত উৎসব আয়োজন করা হয়েছে।
এএস





