মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের ২০১৬ সালের খরিপ-১ মৌসুমের বরাদ্দকৃত বিভিন্ন প্রদর্শনী’র বীজ, সার ও আনুষঙ্গিক বরাদ্দের টাকা কৃষকদের নামমাত্র হাতে দিয়ে সিংহভাগ টাকা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল মজিদ নিজে আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের বার মাইল মুসল্লী পাড়া গ্রামের নবীর উদ্দিন লিথা’র পূত্র কলা প্রদর্শনীভুক্ত চাষী মোঃ কাবিল অভিযোগ করে বলেন, তিনি চারা কেনা বাবদ নগদ ৩,০০০/= (তিন হাজার) টাকা এবং ৫,০০০/= (পাঁচ হাজার) টাকা’র মত সার পেয়েছেন। অথচ ঐ কৃষক এর ৩ বিঘা কলা চাষের জন্য বরাদ্দ আছে ২৪,৫০০/= (চব্বিশ হাজার পাঁচ শত) টাকা। ৫ টন গোবর সার নির্ধারণ করা আছে যার মূল্যবাবদ বরাদ্দ ১০,০০০/= (দশ হাজার) টাকা। অথচ চাষী এব্যাপারে কিছুই জানে না। বাকী ১৬,৫০০/= (ষোল হাজার পাঁচশত) টাকা কৃষি অফিসারের পকেটে।

কাবিল আরোও অভিযোগ করে বলেন, আমার নামে ইউরিয়া সার ৯০ কেজি বরাদ্দ থাকলেও আমাকে ৭২ কেজি ইউরিয়া সার দেওয়া হয়েছে। তেমনি ভাবে টি.এস.পি ১২০ কেজি বরাদ্দ থাকলেও আমাকে ৯৬ কেজি, এম.ও.পি ১২০ কেজি বরাদ্দ থাকলেও আমাকে ৯৬ কেজি, জিপসাম ৬০ কেজি বরাদ্দ থাকলেও আমাকে ৪৮ কেজি সার দেওয়া হয়েছে।

এছাড়াও বাহিরচর ইউনিয়নের বারদাগ গ্রামের ওল চাষী মোঃ স্বাধীন জানান, সে বীজ বাবদ ৪,০০০/= (চার হাজার) টাকা নগদ পেয়েছেন, অথচ ঐ চাষী’র বীজ বাবদ পাওয়ার কথা ছিল, নগদ ১০,০০০/= (দশহাজার) টাকা। বার মাইল মুসল্লী পাড়া গ্রামের মোঃ আজিজুল মালিথা এর পূত্র হলুদ প্রদর্শনী চাষী শাজেদুল ইসলাম অভিযোগ করে জানান, তিনি বীজকেনা বাবদ নগদ পেয়েছেন ২,০০০/= (দুই হাজার) টাকা অথচ তার বীজ বাবদ বরাদ্দ আছে ৫,০০০/= (পাঁচ হাজার টাকা) ।

চাঁদগ্রাম ইউনিয়নের আরোও একজন হলুদ চাষী মোঃ আলাল জানান, তিনি মাত্র ৩০ কেজি হলুদ বীজ পেয়েছেন অথচ ঐ কৃষকের পাওয়ার কথা ছিল ৫,০০০/= (পাঁচ হাজার) টাকা’র বীজ। এমনি ভাবে উক্ত প্রকল্পের প্রদর্শনী ও বরাদ্দকৃত অনান্য খাতের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত করেছেন ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল মজিদ।

এ ব্যাপারে ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল মজিদ এর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ভেড়ামারা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের জিজ্ঞাসা করা হলে, উনারা বলেন এব্যাপারে তারা কিছুই জানেন না।

উল্লেখ্য, কৃষকদের সার, বীজ, টাকা ও অনান্য উপকরণ উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল মজিদ নিজেই বিতরণ করে থাকেন।

এমআইএস