চাঁপাইনবাবগঞ্জে দুই অস্ত্র মামলায় ২ জেএমবি সদস্যকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান বুধবার দুপুরে এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন গোমস্তাপুর উপজেলার কালাই দিয়াড় গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে আব্দুল মোমিন (৩১) ও ভোলাহাট উপজেলার খড়গপুর খোড়াটোলা গ্রামের ছেলে তোফাজ্জল হকের মো. রমজান আলী (৩০)। রমজান আলী পলাতক রয়েছেন।

সরকারি কৌসুলী (পিপি) জবদুল হক জানান, ২০০৯ সালের ১৪ জুন শিবগঞ্জ থানা পুলিশ খড়গপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে জেএমবি সদস্য মো. আব্দুল মোমিনকে গুলি ও জেহাদি বইসহ আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তিনদিন পর ১৭ জুন পুলিশ ভোলাহাট থানার খড়গপুর খোড়াটোলা গ্রামের মো. রমজান আলীর বসতবাড়ি থেকে ১টি শুটারগান, ৩ রাউন্ড রাইফেলের তাজা গুলি ও জেহাদি বই উদ্ধার করে। তবে রমজান আলীকে গ্রেফতার করতে পারেনি, তখন থেকেই পলাতক আছেন রমজান আলী। এ ঘটনায় শিবগঞ্জ ও ভোলাহাট থানায় অস্ত্র আইনে মামলা করে পুলিশ।

তিনি জানান, দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত দুই জেএমবি সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

জারিফ